কোনো চক্রান্তই সরকার উৎখাত করতে পারবে না

ইজাব টিভি প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-জামায়াত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করতে ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়েছে। কোনো চক্রান্তই শেখ হাসিনা ও তার সরকারকে উৎখাত করতে পারবে না । মঙ্গলবার বিকেল পাঁচটায় লালদিঘি ময়দানে ১৪ দলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন ।

নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জাসদ কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল এমপি, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় মহাসচিব এমএ আউয়াল, ন্যাপ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, সাম্যবাদী দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, গণআজাদী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস কে সিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. সাদাত হোসেন, বাংলাদেশ ওয়াকার্স পাটির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান, বাসদ পলিটব্যুরোর সদস্য আবদুস সামাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া প্রমুখ।

সভায় প্রায় সব বক্তার বক্তব্যেই উঠে আসে কারাবন্দি নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রণির মুক্তির বিষয়। জনসভায় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা রণির মুক্তি দাবি সম্বলিত বিভিন্ন ফেস্টুন ও ব্যানার নিয়ে উপস্থিত হন। তারা রণির মুক্তির বিষয়ে ১৪ দলের নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে একের পর এক স্লোগান দিতে থাকেন। রণির মুক্তির বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তাদের বেশ কয়েকবার থামান মোহাম্মদ নাসিম ও  মঈনুদ্দিন খান বাদল।

প্রধান অতিথির বক্তব্যে ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম আরও বলেন ‘নির্বাচন অবশ্যই হবে।তবে ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না।প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীকে দেওয়া ওয়াদা রক্ষা করে চলেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘চট্টগ্রামে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অবশ্যই হবে।দ্রুত কাজ শুরু হবে।’

কারাবন্দি ছাত্রলীগ নেতা রণির বিষয়ে তিনি বলেন, রণির ব্যাপারটি আমি অবশ্যই দেখবো।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে মঈনুদ্দিন খান বাদল বলেন, ম্যাজিস্ট্রেট রণির ক্ষে্ত্রে খুব দ্রুত সিদ্ধান্ত নেন।তার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ১৫মিনিট সময়ও দেওয়া হয়নি। অথচ এত চক্রান্তের পরেও খালেদা জিয়ার জেল হয় না। তিনি বারবার সময় নেন।

তিনি আরও বলেন, রণি একজন ভালো সংগঠক হিসেবে সব মহলে পরিচিত।তাকে যুক্তিযুক্তভাবে কারাগার থেকে মুক্ত করতে আমিও মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে একসঙ্গে মাঠে থাকবো।দিলিপ বড়ুয়া বলেন, ‘বিএনপি-জামায়াত চক্র দেশের মানুষ থেকে পৃথক হযে এখন গুপ্তহত্যার পথ বেঁচে নিয়েছে।তারা মার্কিন সাম্র্যাজ্যবাদ ও স্বার্থবাদী মহলকে দেখাতে চাচ্ছে বাংলাদেশ ভালো নেই, এখানে নির্বাচন দিতে হবে, না হলে এরকম হত্যা চলতে থাকবে।কিন্তু কোনো কিছুতেই কাজ হবে না। আমরা ১৪ দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষকে নিয়ে স্বাধীনতা বিরোধী শক্তিকে মোকাবেলা করবো।

জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ইদানিং তার পুত্র সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে।শেখ হাসিনাকে হত্যার কোনো পরিকল্পনাই সফল হবে না। তিনি আরও বলেন, রণির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়ে থাকলে তা নস্যাৎ করা হবে। এজন্য ১৪ দলের সবাইকে একই ছাতার তলে থেকে ঐক্যবদ্ধ হতে হবে।