নির্দিষ্ট সময়ে নিবন্ধিত না হলে অনলাইন পত্রিকা বন্ধ করা হবে

ইজাব টিভি ডেস্ক : যেসব অনলাইন নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধিত হবে না সেগুলো বন্ধ করে দেয়া হবে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এমন তথ্য জানানো হয় । তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম বৈঠক শেষে কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশে ও দেশের বাইরে নাম সর্বস্ব অনেক অনলাইন পত্রিকা রয়েছে। এসব অনলাইন অশ্লীলসহ বিভিন্ন ধরনের উদ্ভট নিউজ প্রচার করে। তিনি আরো বলেন, প্রত্যেকের কিছু নীতিমালার মধ্যে থাকা উচিত। কিন্তু অনেকে সেগুলো প্রয়োজন মনে করছেন না। যখন যেভাবে পারছেন অনলাইন খুলে দিচ্ছেন। আর উদ্ভট ও অশ্লীল সংবাদ প্রচার করছেন। তাই অনিবন্ধিত অনলাইন বন্ধ করে দেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৈঠকে আগের গৃহীত সিদ্বান্তসমূহের বাস্তবায়নে অগ্রগতি এবং তথ্য অধিদফতরের (পিআইডি) সার্বিক কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।বৈঠকে অনলাইন তথ্য গবেষণা ও অনলাইন তথ্য নীতিমালা বিষয়ক আলোচনা হয়। এছাড়াও তথ্য অধিদফতরের বিভিন্ন শাখার গুরুত্ব ও সার্বিক কার্যক্রমের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

তথ্য অধিদফতরের সার্বিক কার্যক্রম পরিদর্শনের জন্য সংসদীয় কমিটি কর্তৃক পরিদর্শনের সিদ্ধান্ত হয় বৈঠকে।
কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন কমিটি সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সুকুমার রঞ্জন ঘোষ এবং সিমিন হোসেন (রিমি) । বৈঠকে তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৯ নভেম্বর সোমবার এক সরকারি তথ্য বিবরণীতে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন শুরু করেছে সরকার এমন তথ্য জানানো হয়েছে। জানা গেছে, অপসাংবাদিকতা রোধ এবং দেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম শুরু করেছে।

সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে, নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদপ্তরে জমা দিতে হবে। ফরম এবং প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ( www.pressinform.portal.gov.bd ) পাওয়া যাবে।

নিবন্ধনের জন্য ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা সাময়িকভাবে তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখা থেকে সংগ্রহ করা যাবে।
দাখিলকৃত তথ্যাদি যাচাই-বাছাই সাপেক্ষে তথ্য অধিদপ্তর অনলাইন পত্রিকাটির রেজিস্ট্রেশন প্রদান করবে। এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে।