
এ, এইচ, এম, এনমুল হক মনি : ঢাকা রেশনিং কর্তৃক আয়োজিত ‘ওএমএস ডিলার নিয়োগ ২০২৫’-এর উন্মুক্ত লটারিতে ব্যাপক অনিয়ম ও বৈষম্যের অভিযোগ উঠেছে। ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি), রমনা, ঢাকায় অনুষ্ঠিত উক্ত লটারিতে অংশ নেওয়া বহু আবেদনকারী জানিয়েছেন— লটারির পূর্বে মোবাইল বার্তার মাধ্যমে অংশগ্রহণের খবর না পাওয়ায় অনেকে উপস্থিত হতে পারেননি। আবার তালিকায় নাম থাকা সত্ত্বেও বহু আবেদনকারী কোনো বার্তা পাননি বলেও অভিযোগ করেছেন।
রোববার (৫ অক্টোবর) সকাল ১১টায় শ্যামপুরের জুরাইনে ঢাকা রেশনিং কার্যালয়ের সামনে ভুক্তভোগী আবেদনকারীরা এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এতে বক্তারা ‘ওএমএস ডিলার নিয়োগ ২০২৫’-এর লটারিকে ‘সাজানো নাটক’ আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিল করার দাবি জানান।
তারা বলেন, “ওএমএস নীতিমালা ২০২৪ অনুযায়ী, কোনো ডিলার দোষী প্রমাণিত না হলে তাকে বাদ দেওয়া যাবে না। অথচ এবার ৪০৫ জন ডিলারের মধ্যে ২৮৭ জনকে বাদ দিয়ে মাত্র ১১৮ জনকে রাখা হয়েছে— যা সুস্পষ্ট বৈষম্য।”
ভুক্তভোগী আবেদনকারীদের ২০ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—
পূর্বের ডিলারদের স্বেচ্ছায় বাদ না দেওয়া;
অঞ্চলভিত্তিক সকল আবেদনকারীর তালিকা প্রকাশ
ঘুষ, বাণিজ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ নিশ্চিত করা
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশ
বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধান
কালোবাজার প্রতিরোধে কঠোর ব্যবস্থা ও রোস্টার বাস্তবায়ন
প্রতিটি বিক্রয়কেন্দ্রে বিক্রি শুরুর আগে ও শেষে কন্ট্রোল রুমে ভিডিও কলের মাধ্যমে তথ্য নিশ্চিতকরণ।
অংশগ্রহণকারীরা আরও বলেন, ঢাকা রেশনিং অফিসকে দুর্নীতিমুক্ত না করলে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। আমরা ন্যায্যতার লড়াইয়ে ঐক্যবদ্ধ।
সমাবেশে উপস্থিত ডিলার আবেদনকারীরা সবাইকে আহ্বান জানান—
ভাই ভাই কাঁধে কাঁধ রেখে ন্যায্য দাবী আদায় নিশ্চিত করি।
তারা আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত অভিযোগের বিষয়টি তদন্ত করে স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়ায় নতুন লটারি আয়োজন করবে।
